ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া চলছে: এমপি ওয়াহাব

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৫:১৭ পিএম

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জানিয়েছেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, কলেজটির উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অধ্যক্ষের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার বেলা সাড়ে এগারোটায় কলেজের গ্রন্থাগার ভবনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গন সম্পূর্ণ রাজনীতিমুক্ত হতে পারে না। শিক্ষার্থীরা গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক চর্চা করতে পারবে, তবে তা যেন শিক্ষার পরিবেশ নষ্ট না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি গঠনমূলক রাজনৈতিক চর্চার সুযোগ থাকা উচিত এবং শিষ্টাচার বজায় রাখা জরুরি।

র‍্যাগ ডে’র নামে কোনো শিক্ষার্থী যাতে নির্যাতনের শিকার না হয়, সে বিষয়েও তিনি কঠোর নজরদারির আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে গ্রহণ করা এবং প্রবীণদের পাশে থাকার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. প্রকৌশলী মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ এবং শিক্ষক অধ্যাপক ড. মো. রুস্তুম আলী। এছাড়াও শিক্ষার্থী প্রতিনিধি ও কলেজ ছাত্রদলের সভাপতি রবিন মোল্লা বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!