খুদে ফুটবলারদের পায়ের জাদুতে মুখরিত হয়ে উঠেছিল ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। দেশসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬'-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল বিভাগের প্রতিনিধি দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার দুপুর ২টা ২০ মিনিটে টুর্নামেন্টের জমকালো ফাইনালে তারা দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
খেলার শুরু থেকেই মাঠের চারপাশের দর্শকদের মাঝে ছিল টানটান উত্তেজনা। দুই দলের খুদে ফুটবলাররাই আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকদের দারুণ এক ম্যাচ উপহার দেয়। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র জয়সূচক গোলটি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বরিশালের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা। এই এক গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরে তারা।
সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর পূর্বে দুপুরের দিকে টুর্নামেন্টের জমকালো ফাইনালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় মাঠে উপস্থিত থেকে খুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
তৃণমূল পর্যায় থেকে ফুটবলের এমন জোয়ার ও উৎসবমুখর আয়োজন দেশের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
দেশসেরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাকেরগঞ্জ উপজেলাসহ পুরো বরিশাল বিভাগে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ঐতিহাসিক এই বিজয়ে খুদে ফুটবলার ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পালসহ স্থানীয় সুধীসমাজ ও এলাকাবাসী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দেশের প্রাথমিক স্তরের ফুটবলের এই মেগা আসরের।
আপনার মতামত লিখুন :