বকশীগঞ্জ (জামালপুর): বিশ্বকাপ ফুটবল ম্যাচে ব্রাজিল হাইতিকে পরাজিত করলে মাথা ন্যাড়া করার বাজি ধরে চুল খোয়ালেন আর্জেন্টিনার এক সমর্থক। পরে মাথা ন্যাড়া করে নিজের ওয়াদা রক্ষা করেন ফয়সাল আহমেদ জুম্মান নামের ঐ সমর্থক। ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে।
ফয়সাল দীর্ঘ দিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক আইডি থেকে ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। শনিবার (২০ জুন) সকালে বিশ্বকাপ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়েই নিজের মাথা ন্যাড়া করেন তিনি।
এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, "খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে তাই কথা রাখতে গিয়ে মাথা ন্যাড়া করেছি।"
আপনার মতামত লিখুন :