রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এক বিস্ময়কর ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নিরাপত্তা জোরদারে নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরির শিকার হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার বিকেলে রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। তবে দুঃখজনকভাবে ক্যামেরাটি বসানোর দুই দিনের মধ্যেই চুরি হয়ে যায়। তার এ বক্তব্য উপস্থিত বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।
তিনি বলেন, মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। এরই ধারাবাহিকতায় তার সহকর্মী নুর ইসলামও হামলার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ।
পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে শিগগিরই কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তিনির্ভর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা।
অপরাধীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের স্থান হবে না। এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :