কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে খাঁদের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের কনিষ্ঠ কন্যা। রবিবার (২১ জুন) সকালে শৈলকোপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে একটি খাঁদের পানিতে পড়ে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খাঁদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, অসাবধানতাবশত বাড়ির পাশের খাঁদের পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে বাড়ির আশেপাশে পানি জমে থাকায় শিশুদের প্রতি বাড়তি নজর রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এদিকে ব্যবসায়ী মনজুর হকের কনিষ্ঠ কন্যার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :