বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
‘সেবার ব্রতে চাকরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নিয়োগ কার্যক্রমে আজ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার অংশ হিসেবে পুশআপ, সিটআপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নিয়ে প্রার্থীরা তাদের শারীরিক দক্ষতা ও সহনশীলতার প্রমাণ দেন।
সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়। তিনি বাছাইপর্বে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ার জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, সততা, মেধা ও দেশসেবার মানসিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রার্থীদের আগামী লিখিত পরীক্ষার জন্য আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক। এই প্রক্রিয়া একাধিক স্তরের তদারকি ও মনিটরিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। ফলে কোনো ধরনের তদবির, সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। তিনি প্রার্থী ও অভিভাবকদের প্রতারক, দালাল এবং অসাধু চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং কেউ কোনো প্রলোভন বা প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন।
নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল, নিয়োগ কমিটির সদস্যবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্ব ১৮ জুন শুরু হয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :