ঝিনাইদহে চার বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যার মামলায় আবু তাহের নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে এই রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাসসুমকে নিজের ঘরে নিয়ে যান আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তাকে নিজের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে ওই রাতেই মরদেহ একটি বস্তায় ভরে পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যান। পরে পুলিশের অভিযান চালিয়ে একই দিন রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি পুলিশের কাছে এবং আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
তদন্ত কর্মকর্তা ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দ্রুত বিচারপ্রক্রিয়ায় ষোলজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে রবিবার যুক্তিতর্ক শেষ হয়।
আসামি আবু তাহের একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন এবং ভুক্তভোগী শিশুটির পরিবারের পাশেই ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার চার মাসের মধ্যে মামলার রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেই আহ্বান জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে শক্ত প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তারা আশাবাদী।
আপনার মতামত লিখুন :