কাতারের গ্যাসকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৭:১৭ এএম

কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি।

রোববার সন্ধ্যায় বারজান গ্যাস সরবরাহকেন্দ্রের পরিচালন কার্যক্রম শুরুর সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো শিল্পাঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করা আল-কাবি এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তানজানিয়া, কেনিয়া, নাইজেরিয়া, গিনি এবং কাতারের নাগরিক রয়েছেন। তবে নিহত ১৩ জনের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ও নিখোঁজদের পরিবারের সহায়তায় বিশেষ যোগাযোগসেবা চালু করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, তারা কাতার সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে।

এদিকে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কাতার এনার্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সরবরাহকেন্দ্রের কার্যক্রম চালুর সময় কোনো কারিগরি ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Link copied!