মালয়েশিয়ায় ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে নকল জার্সি বিক্রির একটি বড় চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রণালয়। এ সময় পাঁচ হাজার ৪০৩টি নকল জার্সি জব্দের পাশাপাশি পাঁচ বাংলাদেশি ও মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানী কুয়ালালামপুরের জালান পেতালিং এলাকার চারটি দোকান ও একটি গুদামে একযোগে অভিযান চালিয়ে এই চক্রের কার্যক্রম উদ্ঘাটন করা হয়।
তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা মূলত বিদেশি পর্যটকদের লক্ষ্য করে নকল জার্সি বিক্রি করতেন। জার্সির মানভেদে প্রতিটি ৫০ থেকে ১০০ রিঙ্গিত বা তারও বেশি দামে বিক্রি করা হতো।
জালান পেতালিং পর্যটকদের অন্যতম জনপ্রিয় কেনাকাটার স্থান হওয়ায় প্রতিটি দোকানে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি জার্সি বিক্রি হতো। এতে দৈনিক মোট বিক্রির পরিমাণ প্রায় পাঁচ হাজার রিঙ্গিতে পৌঁছাত। জব্দ করা জার্সিগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৭০ হাজার ১৫০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখ ৮২ হাজার টাকার সমান।
কুয়ালালামপুরে মন্ত্রণালয়ের প্রধান প্রয়োগকারী কর্মকর্তা মোহা শাহারান মোহা আরশাদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৯ সালের বাণিজ্যচিহ্ন আইনের আওতায় তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের মূল লক্ষ্য শুধু নকল জার্সি জব্দ করা নয়, বরং এই অবৈধ ব্যবসার নেপথ্যে থাকা প্রকৃত দোকানমালিক এবং বিদেশি কর্মীদের নিয়োগদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

আপনার মতামত লিখুন :