সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়ার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, অসতর্কতার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র সাদা কাগজে নেওয়া স্বাক্ষর ও টিপসই ব্যবহার করে আর্থিক প্রতারণা, জাল কাগজপত্র তৈরি, অবৈধ লেনদেনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অজান্তেই ফৌজদারি মামলায় জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি আর্থিক ক্ষতি, কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা অন্যান্য আইনি জটিলতার মুখোমুখি হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ কারণে কোনো কাগজপত্র বা দলিলে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণভাবে পড়ে, বুঝে এবং যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
আপনার মতামত লিখুন :