দাগনভূঞা বাজারে মোবাইল কোর্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা
দাগনভূঞা (ফেনী), ২৩ জুন ২০২৬ দাগনভূঞা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুইটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একইসঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দুই মোটরসাইকেল আরোহীকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে দাগনভূঞা বাজারের বাংলা হোটেল ও মদিনা হোটেলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।অভিযানকালে দেখা যায়, হোটেল দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। বিশেষ করে রান্না করা খাবার ও কাঁচা মাংস একই ফ্রিজে সংরক্ষণ করায় ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অপরিষ্কার, অস্বাস্থ্যকর ও স্বাস্থ্যবিধিবহির্ভূত।
এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাংলা হোটেলকে ২০ হাজার টাকা এবং মদিনা হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুই আরোহীকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এতে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সর্বমোট ৩১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :