অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল

দিদারুল হৃদয় , গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৬:৩২ পিএম

দেশে চলমান অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গুইমারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এসব অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের লক্ষ্যে কোনো ধরনের ষড়যন্ত্র বা অরাজকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Advertisement

Link copied!