ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ফরিদপুরে প্রত্যাহার করা হলো ডিবি ওসিকে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৮:৩৬ পিএম

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ওসি আলমগীর হোসেনকে ডিবি সদর জোন থেকে প্রত্যাহার করে একই দিন দুপুর একটার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ (২৭) মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

গত ২০ জুন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ইশতিয়াককে আটক করেন। পরদিন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর সংবাদ পরিবার জানতে পারে।

পরিবারের দাবি, পুলিশি নির্যাতনের কারণেই ইশতিয়াকের মৃত্যু হয়েছে। তবে পুলিশের বক্তব্য, হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সোমবার ইশতিয়াকের জানাজার আগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।

Link copied!