সিরাজগঞ্জের সলঙ্গায় রাতভর পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্য এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাতভর চলা এ অভিযানে মোট পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর এলাকার মোঃ কুদ্দুস (৩৪) ও মোঃ ইসমাইল হোসেন (৩০),এবং সলঙ্গা থানার হাটিকুমরুল বাগিচাপাড়া এলাকার মোঃ আশরাফুল ইসলাম (২৮) ও মোঃ সবুজ আলী (২৬) রয়েছেন।
এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সলঙ্গা থানার দেওভোগ এলাকার কেএম মেহেদী হাসান (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,অপরাধ দমন,চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :