কালিহাতীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা-সাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আশঙ্কাজনক ১

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৪:৫৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় গোপাল চন্দ্র পণ্ডিত (৬০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মলি (৫০) নামের এক নারী অটোরিকশা যাত্রী গুরুতর আহতসহ আরও দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার রতনগঞ্জ-বল্লা সড়কের কামার্থী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র পণ্ডিত কালিহাতী উপজেলার কামার্থী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রতনগঞ্জ থেকে বল্লাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক একই দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতকে চাপা দেয়। ধাক্কার তীব্রতায় গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

​এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। বাকি দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

​কালিহাতী থানার এসআই ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Link copied!