গাবতলীতে ছাত্রলীগ কর্মী সিহাব গ্রেফতার

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৪:৪৫ পিএম

 বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ কর্মী মোঃ শামসুজ্জোহা (ওরফে সিহাব)কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ২০ দিন আগে সোনাতলা থানার আওতাধীন ডাকুমারা হাট সংলগ্ন একটি সড়কে সিহাবের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির ভিডিও ধারণ করে সংরক্ষণ করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, মঙ্গলবার (২৩ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিহাবের সহযোগী বিপ্লব নামের এক ব্যক্তি ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। বিষয়টি পুলিশের নজরে এলে ভিডিওটি যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে মিছিলে সিহাবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামসুজ্জোহা (ওরফে সিহাব) গাবতলী সদর ইউনিয়নের তরফভাইখা গ্রামের মোঃ আজিজার রহমানের ছেলে। ওসি রাকিব হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Advertisement

Link copied!