হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া যেতে পারে: স্বাস্থ্য কর্মকর্তা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৬:৫৩ পিএম

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর বাথরুম ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের ওপর অর্পণের প্রস্তাব দিয়েছেন। বুধবার (২৪ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় এবং তাদের অধীন সাংবাদিকদের বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব অন্তত এক অর্থবছরের জন্য দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, যদি তারা এ দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন, তবে স্থায়ীভাবেও দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের জনগণের কল্যাণে যে ভালো কাজ করতে পারবে, তার হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে মুঠোফোনে আহমদ শাফীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যেহেতু আমরা পারছি না, এরকম একটা আলোচনার জায়গা হতে পারে কিনা সেটা বলেছি। বাথরুমগুলো কেন এ রকম, কোথাও থেকে কেউ তুলে ধরছে না। দায়টা শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপিয়ে দেওয়া হচ্ছে।’

অবস্থাপনার দায় সাংবাদিকদের কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘ভবন সম্প্রসারিত হয় না। সব দায় স্বাস্থ্য বিভাগের একার না। সাংবাদিকরা পুরো তথ্যটা তুলে ধরে না। ডাক্তাররা, ব্যবস্থাপকরাই দায়ী বলে তুলে ধরা হচ্ছে।’ এটা বলার পর তিনি ফোন কেটে দেন।

সরকারি দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য করা কতটা সমীচীন— এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি পদে থেকে এ ধরনের মন্তব্য করার সুযোগ নেই। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!