জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। একই সঙ্গে ঢাকা এবং অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেগুলো পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।
তিনি জানান, আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান উপদেষ্টা তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান সফর করবেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাঁর মতে, শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করলেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠানে তিনি আরও জানান, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক দশ-মাথাবিশিষ্ট অণুবীক্ষণ যন্ত্র সংযোজন করা হয়েছে। এর ফলে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাশিক্ষার পাঠক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন সুবিধা সম্প্রসারণ এবং সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও দ্রুত এগিয়ে চলছে।

আপনার মতামত লিখুন :