দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া একজন ঢাকা উত্তর নগর এলাকার, একজন ঢাকা দক্ষিণ নগর এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৪ জন। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। সব মিলিয়ে এ বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। তবে জুন মাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় এ মাসেই সর্বোচ্চ ১৩ জনের প্রাণহানি ঘটেছে।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :