মুবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল ইসলাম। এতে প্রতিষ্ঠানটির এসএসসি ২০২২, ২৩ এবং ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান করে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বিদায়ী শিক্ষার্থীদের কেশরগঞ্জ বাজারের সাদ্দাম খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল ইসলাম দক্ষিণ ময়মনসিংহে সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিষ্ঠানের সাফল্য আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, বিএনপি নেতা অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, এ প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম শামসুল হক, শিক্ষার্থী অভিভাবকদের পক্ষে কে এম মাসুদ রানা, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক, নাওগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ ও দক্ষিণ জেলার সহ-সভাপতি হাসমত আলী মন্ডল সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এ কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশায় মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :