মোঃ নাঈমুজ্জামান নাঈম, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার কুনিয়ারবন হাওর ও কালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল চায়না দুয়ারি জালসহ নিষিদ্ধ সকল প্রকার জাল জব্দ, ইলেকট্রোফিশিং বন্ধকরণ এবং অবৈধ বাঁধ ও অন্যান্য স্থায়ী স্থাপনা অপসারণের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষা করা। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা। এ সময় কুলিয়ারচর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান চলাকালে ১১১টি চায়না দুয়ারি (রিং ও ম্যাজিক) জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য ২ হাজার ৭৭৫ মিটার, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।
পরে আটককৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উপস্থিত স্থানীয় জনগণকে চায়না দুয়ারি (রিং ও ম্যাজিক) জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এসব নিষিদ্ধ জালের ব্যবহার জলাশয়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে, ফলে মাছের প্রজনন ও উৎপাদন ব্যাহত হয়। তিনি বলেন, জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :