কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী হলদিয়াপালং ইউনিয়নের বালুরছড়া পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুপাড়া বিওপি গোপন সংবাদের ভিত্তিতে বালুরছড়া পাতাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে হেফাজত থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বালুরছড়া গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান (২৬)। তিনি হোসেন আলীর ছেলে। এ ঘটনায় পলাতক চারজনকে আসামী করা হয়েছে। তারা হলেন- হোসেন আলী, মো. তারেক হোসেন, কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ এবং মনজুর খলিফা। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :