শিশুর জন্য মায়ের শালদুধই ভিটামিন এ-এর সবচেয়ে সমৃদ্ধ প্রাকৃতিক উৎস বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ পান করানোর আহ্বান জানান তিনি।
রবিবার (২৮ জুন) রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ সম্মেলন কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধই খাওয়াতে হবে। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি নিয়মিত মায়ের দুধ পান করানো অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে শিশুর প্রয়োজন অনুযায়ী নিরাপদ পানি ও সুষম খাবার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
টিকার মান সম্পর্কে তিনি বলেন, দেশে ব্যবহৃত প্রতিটি টিকা আন্তর্জাতিক মান যাচাইয়ের পর সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের শিশু তহবিলের সঙ্গে যৌথভাবে পরামর্শ ও মূল্যায়নও করা হয়েছে। তাই দেশের মানুষকে সর্বোচ্চ মানের টিকাই দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
জাতীয় ভিটামিন এ প্লাস কর্মসূচি দেশের সব এলাকায় একযোগে পরিচালিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতেও তা খাওয়ানোর ব্যবস্থা থাকবে। উদ্দেশ্য হলো, কোনো শিশুই যেন এই কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত না হয়।
আপনার মতামত লিখুন :