চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস, একটি পিকআপ (মিনি ট্রাক) এবং দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এক অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এসময় হাটহাজারী পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানা পুলিশের অভিযানে এসআই (নিরস্ত্র) রুপন নাথের নেতৃত্বে মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪১টি ছালার বস্তায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ১,২৩৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। এছাড়া ৭টি ছালার বস্তা থেকে ২৪৬ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা।
এ সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২৩-০৮৬০ নম্বরের একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপও (মিনি ট্রাক) জব্দ করা হয়।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এএসআই (নিরস্ত্র) মো. এমরান হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ধারায় মামলা দায়ের করেন। মামলাটি হাটহাজারী মডেল থানার মামলা নং-৩৪, তারিখ ২৯ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে, ভারতীয় সীমান্ত ও পাহাড়ি অঞ্চল থেকে প্রতিনিয়ত নানা অবৈধ সামগ্রী আনা-নেওয়া করা হয়।
আপনার মতামত লিখুন :