খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব' — আব্দুস সাত্তার

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০২:৪৭ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের উদ্বেগজনক বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজসেবক আব্দুস সাত্তার। তিনি বলেছেন, যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকার মতো চান্দিনার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লাতেও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে। নেশার অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আব্দুস সাত্তার বলেন, "যুব সমাজকে শুধু খেলাধুলায় নয়, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও সম্পৃক্ত করতে হবে। তারা যদি সুস্থ বিনোদন ও সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকে, তাহলে মাদকের প্রতি তাদের আগ্রহ কমবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলা সহজ হবে।"

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। প্রতিটি গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং তাদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আব্দুস সাত্তার বলেন, সম্প্রতি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে তিনি উদ্যোগ নিয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করেছেন। ওই কমিটির নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক নজরদারির ফলে এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ড কিছুটা কমেছে।

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও তরুণদের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।"

Advertisement

Link copied!