চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আইয়ূব খান, এএসআই (নিঃ) বাবুল হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস পুলিশ দল নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। অভিযানের অংশ হিসেবে ৩০ জুন ২০২৬ তারিখে শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াপাড়া এলাকায় শাহরাস্তি-চাঁদপুর মহাসড়কের দক্ষিণ পাশে শফিকের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন মো. জামাল হোসেন (৪০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিজ হেফাজত থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল হোসেন পশ্চিম উপলতা (মিজি বাড়ি) এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৪৮, জিআর নম্বর-১৯৩; উভয়ের তারিখ ৩০ জুন ২০২৬। মামলা রুজুর পর গ্রেপ্তারকৃত আসামিকে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :