অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে স্মরণসভা

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১১:৫৪ পিএম

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ স্মরণসভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তাঁরা অধ্যাপক ডা. রবিউল হোসেনের কর্মময় জীবন, চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবসেবায় নিবেদিত আদর্শের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দেশের চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এর আগে, গত ২৭ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজায় উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদনকারী মাননীয় মেয়র, সরকারি প্রতিনিধিবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, বেড ডোনার, দাতা সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. রবিউল হোসেনের অসামান্য কর্ম, মানবিক মূল্যবোধ এবং সেবামূলক জীবন দেশের চিকিৎসা অঙ্গনে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

Advertisement

Link copied!