ঋণখেলাপির কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না—সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এমন রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা।
সোমবার বিকেল থেকে সীতাকুণ্ড উপজেলার অন্তত ১০ থেকে ১৫টা স্থানে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং সড়ক বিভাজকের মাঝখানে থাকা গাছ কেটে ব্যারিকেড দেন বিক্ষোভকারীরা।
উপজেলার বারৈয়ারঢালা এলাকায় মহাসড়কের দুই পাশে থাকা বড় বড় গাছ কেটে সড়কে ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, আসলাম চৌধুরীর সমর্থকরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :