কেরণখাল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে ওয়ালী উল্লাহ আল-গাজীকে ঘিরে আলোচনা

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৫:৪১ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার ৫ নং কেরণখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাফেজ ক্বারী ওয়ালী উল্লাহ আল-গাজীকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনকল্যাণে কাজ করার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে কেরণখাল ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

হাফেজ ক্বারী ওয়ালী উল্লাহ আল-গাজী বলেন, “আমার লক্ষ্য কেরণখাল ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা। জনগণ যদি আমাকে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ যেন সেবাগ্রহীতাদের দিতে না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বণ্টন নিশ্চিত করা হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, একজন সৎ, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে হাফেজ ক্বারী ওয়ালী উল্লাহ আল-গাজীর গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলেও তারা জানান। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

Advertisement

Link copied!