হোমনায় গ্যাস সংকট চরমে, অবৈধ সংযোগ-বুস্টার উচ্ছেদে বিজিডিসিএলের ঘোষণা

দীর্ঘ দুই বছর ধরে স্বাভাবিক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হোমনা উপজেলার অধিকাংশ গ্রাহক। রাত গভীর হলে অল্প সময়ের জন্য গ্যাস এলেও চাপ এতটাই কম থাকে যে রান্না করা সম্ভব হয় না। অবৈধ গ্যাস সংযোগ এবং কিছু বৈধ গ্রাহকের অবৈধভাবে প্রেসার বুস্টার ব্যবহারের কারণে এ সংকট আরও তীব্র হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

৩০.০৬.২০২৬ খ্রি. মঙ্গলবার কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ হলরুমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) আয়োজিত 'গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা' বিষয়ক অংশীজন সভায় এসব অভিযোগ উঠে আসে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এবং বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আঃ লতিফ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং গ্যাস গ্রাহকরা।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, হোমনায় মোট গ্যাস গ্রাহকের সংখ্যা ২ হাজার ৬৭৬ জন। এর মধ্যে আবাসিক নন-মিটার খেলাপি গ্রাহক রয়েছেন ১ হাজার ৪১৮ জন। তাদের কাছে বকেয়া বিলের পরিমাণ ৬ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ২৬৭ টাকা। অন্যদিকে নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকের সংখ্যা মাত্র ১৪১ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক বছরে ৫২৯টি অভিযান পরিচালনা করে বকেয়া বিলের কারণে ৫৫টি, অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৩১টি এবং অবৈধ সংযোগের কারণে ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫৯টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৬৪০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ এবং ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে গ্রাহকরা অভিযোগ করেন, কিছু গ্রাহক অবৈধভাবে প্রেসার বুস্টার ব্যবহার করায় একই লাইনের অন্যান্য বাড়িতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তারা বলেন, প্রয়োজনীয় গ্যাসই যখন পাওয়া যাচ্ছে না, তখন নিয়মিত বিল পরিশোধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কয়েকজন গ্রাহক দালালের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগও তুলে ধরেন।

জবাবে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও প্রেসার বুস্টারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গ্রাহকদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি বিজিডিসিএলের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, হোমনায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও গ্রাহকসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অংশীজন সভার সমাপ্তি হয়।

 

Advertisement

Link copied!