রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজীব আলী , ব্যুরো প্রধান রাজশাহী

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৫:৫১ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে রুয়েট ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন আগামী এক বছরে দুই লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নগরবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।

অনুষ্ঠানে রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!