কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় দুইটি পৃথক সুপারি বাগানে দীর্ঘদিন ধরে অতিযত্নে গাঁজা চাষ করে আসছিলেন মাদক ব্যবসায়ী মোঃ মাজেদুল ইসলাম মঞ্জু, পিতাঃ মো: শবেদ আলী।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় ও ০২ ফুট উচ্চতার দুটি ছোট আকৃতির রোপণকৃত গাঁজা গাছ জব্দ করা হয়। এলাকাবাসীর অভিযোগ মোঃ মাজেদুল ইসলাম মঞ্জু একজন মাদকসেবী। সে দীর্ঘদিন যাবৎ এভাবে গাঁজা গাছ চাষ করে আসছিলো। এলাকায় সে একজন চিহ্নিত মাদকাসক্ত হিসাবে পরিচিত।
অভিযান কালে এলাকায় না থাকায় মঞ্জুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে। সার্কেল এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা আর প্রচুর পরিমাণে সুপারি বাগান থাকায় অনেক মাদক কারবারি এসব বাগানে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ভূরুঙ্গমারী থানার ওসি জনাব মোঃ আজিম উদ্দিন জানান মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে। তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।
আপনার মতামত লিখুন :