৯ জুলাই প্রকাশ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৭:৩৩ পিএম

আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

চলতি বছরে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ শতাংশ বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তি দুটি শ্রেণিতে দেওয়া হবে—মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি।

দেশব্যাপী একযোগে গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা— রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান— এ বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন এবং মোবাইলের খুদে বার্তা সেবার মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে ফল দেখার সরকারি মাধ্যম হলো আইপিইএমআইএস পোর্টাল।

মেধা বৃত্তির আওতায় ৩৩ হাজার শিক্ষার্থী মাসে ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তির আওতায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসে ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

 

নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টানা তিন বছর এই আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি বৃত্তির অর্থ দুই থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

Link copied!