অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিলের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এসব বিষয় বাদ দেওয়ার বিষয়ে সরকার বা নীতিনির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বাংলা, দর্শন বা ইতিহাস বাদ দেওয়া হবে—এমন কোনো আলোচনা কোথাও হয়নি। বাংলা দেশের মাতৃভাষা; তাই এ ধরনের সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, এ ধরনের খবর কোথা থেকে এসেছে, তা তাঁর জানা নেই।
শিক্ষামন্ত্রী জানান, সরকার বর্তমানে কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন বিষয় ও শিক্ষাক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাতিল করা হবে।
তিনি আরও বলেন, বাজার ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন স্তরে নতুন কোর্স ও শিক্ষাক্রম যুক্ত করা হচ্ছে। কিন্তু কোনো বিদ্যমান বিষয়কে সংকুচিত করা, কমিয়ে দেওয়া বা বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। বরং শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করা এবং শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়েই আলোচনা চলছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার ও কয়েকটি নতুন বিষয় সংযোজনের পরিকল্পনার কথা জানিয়েছে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে নতুন খসড়া মডেলের আওতায় বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ করে দেওয়া হতে পারে। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সেই আশঙ্কা নাকচ হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :