শাশুড়ির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’: ফরিদপুরে জামাই আটক, এলাকায় চাঞ্চল্য

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম

ফরিদপুর সদর উপজেলায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ধুলদী এলাকার বাসিন্দা বেলী বেগম (৪৫)-এর ঘরে এই ঘটনা ঘটে। বেলী বেগমের পালিত মেয়ে ভাবনা (১৮)-এর স্বামী আব্দুল খালেক (৩৫) শাশুড়ির কক্ষে আপত্তিকর অবস্থায় ছিলেন। বিষয়টি হাতেনাতে দেখে ফেলেন ভাবন। পরে তিনি চিৎকার করে স্থানীয় লোকজনদের বিষয়টি জানান।

​ঘটনা জানতে পেরে প্রতিবেশীরা এসে অভিযুক্তদের ঘরে আটকে রাখেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল খালেক, শাশুড়ি বেলী বেগম এবং স্ত্রী ভাবনাকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জামাই আব্দুল খালেককে আটক দেখায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক আব্দুল খালেক ও তার শাশুড়ি বেলী বেগম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকার সময়ই তাদের মধ্যে প্রথম পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে দেশে ফিরে বেলী বেগম তার পালিত মেয়ে ভাবনার সঙ্গে আব্দুল খালেকের বিয়ে দেন। বিয়ের পর থেকে তারা শ্বশুরবাড়িতেই একই ঘরে মাঝখানে পার্টিশন বা বেড়া দিয়ে যৌথভাবে বসবাস করে আসছিলেন। কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Link copied!