হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানের তেল বিক্রির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৭ জুলাই) ওয়াশিংটন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বেড়ে যায়। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমতি দিয়েছিল মার্কিন অর্থ বিভাগ। তবে নতুন সিদ্ধান্তের ফলে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে বুধবার (৮ জুলাই) ইরানের বিভিন্ন স্থানে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন মধ্যাঞ্চলীয় সামরিক নেতৃত্বের দাবি, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে রাতেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা পরিচালনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :