ইরাকের পবিত্র নগরী নাজাফে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার নগরীর বিভিন্ন সড়কে আয়োজিত এই আঞ্চলিক জানাজা ও শোকমিছিলে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
আধা-সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তেহরান ও কোমে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে আঞ্চলিক শেষ বিদায়ের আয়োজন করতে বুধবার রাতে খামেনির মরদেহ নাজাফে নেওয়া হয়।
জানাজা উপলক্ষে নাজাফের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ সমবেত হন। শোকাহত জনতা সড়কে নেমে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা যায়, খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের কফিনবাহী গাড়ি নাজাফ শহর অতিক্রম করে ইমাম আলীর পবিত্র মাজারের দিকে যাওয়ার সময় হাজারো মানুষ সেটিকে ঘিরে রাখেন। অনেকেই অশ্রুসজল চোখে বিদায় জানান।
আরও একটি দৃশ্যে দেখা যায়, মাজারে খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহের সামনে উপস্থিত মানুষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করছেন। পুরো পরিবেশ ছিল গভীর শোক ও আবেগে ভারাক্রান্ত।
নাজাফের এই জানাজা ও শোকমিছিলে ইরাকের শিয়া ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :