ইতালিতে মক্তবে শিশু শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি ইমামকে আটক করেছে দেশটির পুলিশ। পরে তাকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার আদালত প্রাঙ্গণ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন আদালতে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি দোভাষী। তবে দেশটির আইন অনুযায়ী গোপনীয়তা রক্ষার স্বার্থে অভিযুক্ত ইমামের পরিচয় এবং ঘটনার স্থান প্রকাশ করা হয়নি।
জানা গেছে, মক্তবে কোরআন ও আরবি পাঠদানের সময় কয়েকজন শিশুশিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে ওই ইমামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পাঠ ঠিকমতো বলতে না পারা কিংবা অন্যান্য কারণে তিনি শিশুদের কান ধরে টানেন, চড় মারেন এবং লাথি দেন।
নির্যাতনের শিকার শিশুরা পরে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ইমামকে আটক করে।
আদালতে দায়িত্ব পালনকারী ওই দোভাষী জানান, ইতালির প্রচলিত আইনে শিশুদের প্রতি যে কোনো ধরনের শারীরিক বা মানসিক শাস্তি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
তিনি ইতালিতে কর্মরত বাংলাদেশি ইমাম ও মক্তব শিক্ষকদের উদ্দেশে বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো অবস্থাতেই শিশুদের ওপর শারীরিক শাস্তি প্রয়োগ করা যাবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
তিনি আরও বলেন, ইতালিতে ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার সময় দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলা সবার জন্য অপরিহার্য।
আপনার মতামত লিখুন :