চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে মাদক মামলায় ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং বিভিন্ন মামলার ৬ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পৃথক তিনটি অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
প্রথম অভিযানে এসআই (নিঃ) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকার তফাদার বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন (১৯)-কে ৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার সহযোগী আব্দুর রহমান ওরফে শুভ (২৮) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে একই দিন এসআই (নিঃ) শফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) মো. আজাদ হোসেন-এর নেতৃত্বে সূচীপাড়া উত্তর ইউনিয়নের বড়ুয়া এলাকায় রশিদের ব্রিক ফিল্ডের সামনে অভিযান চালিয়ে আব্দুর রহমান রাশেদ (৩৫)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী ফারুক ওরফে কটি ফারুক (২৯) পালিয়ে যায়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া নিয়মিত একটি চুরি মামলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি সুজন (২৫) ও আকাশ (১৯)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৫০৬/৩৪ ধারায় মামলা চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতার হওয়া সব আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, চুরি এবং অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে শাহরাস্তি থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।
আপনার মতামত লিখুন :