ইয়াকুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক নেতা ইয়াসীন সুমন

মোঃ জিয়া উদ্দিন , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৭:১৪ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতা মো. ইয়াসীন সুমন। দীর্ঘদিনের সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত অভিজ্ঞতাকে পুঁজি করে এবার তিনি সরাসরি স্থানীয় সরকারের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সন্তান ইয়াসীন সুমন বলেন, জনগণের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, অনেক সমস্যার স্থায়ী সমাধান স্থানীয় সরকারের কার্যকর নেতৃত্বের মাধ্যমেই সম্ভব। সেই উপলব্ধি থেকেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি জানান, জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব দিয়ে সেবার আওতায় আনা হবে এবং কোনো ধরনের বৈষম্য বা রাজনৈতিক প্রতিহিংসার সুযোগ থাকবে না।

পেশাগত জীবনে ইয়াসীন সুমন ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউজ২৪-এর ফেনী প্রতিনিধি, দৈনিক ইনকিলাব-এর দাগনভূঞা উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি এবং সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় একজন পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর বাবা বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা এবং তাঁর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষাগত যোগ্যতায় তিনি বি.কম ডিগ্রিধারী।

ইয়াসীন সুমন বলেন, নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও সালিশ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ইন্সাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, "জনগণের মতামতই হবে আমার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নের প্রতিটি মানুষের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই। আমার স্বপ্ন, ইয়াকুবপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে পরিণত করা।"আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সর্বস্তরের ভোটার, শুভানুধ্যায়ী ও ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা এবং আন্তরিক সমর্থন কামনা করেছেন।

Advertisement

Link copied!