জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর 'রমনা ফিলিং স্টেশন'কে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সাথে পাম্পটির দুটি ত্রুটিপূর্ণ ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএসটিআই পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ও দণ্ড প্রদান করেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে রাজধানীর ২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল বিক্রিতে যথাক্রমে ৮৭০ মিলিলিটার এবং ১০০ মিলিলিটার করে কম জ্বালানি সরবরাহের প্রমাণ মেলে।
গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার মাধ্যমে প্রতারণা করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে ডিজিটাল কারচুপি ধরা পড়ায় ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দুটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।
আপনার মতামত লিখুন :