ধামরাইয়ে পর্যাপ্ত গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৩:৩৯ পিএম

আবাসিক লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ কর্মসূচি শুরু হলে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

পরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। বেলা সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে ধামরাই থানা ও গোলড়া হাইওয়ে থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

আন্দোলনকারীরা জানান, গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালিপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকেরা প্রায় দুই বছর ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না। ফলে বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, কাঠসহ বিকল্প জ্বালানি ব্যবহার করে রান্না করতে হচ্ছে। অথচ গ্যাস ব্যবহার করতে না পারলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় গ্রাহকদের দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়, কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) থেকে তাদের এলাকায় গ্যাস সরবরাহ করা হয়। তবে পর্যাপ্ত চাপ না থাকায় আবাসিক গ্রাহকেরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়, ডিআরএসের পূর্ব পাশে অবস্থিত একটি রি-রোলিং মিল এবং কালামপুর বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি সিরামিক কারখানা অবৈধভাবে বুস্টার ব্যবহার করে অতিরিক্ত গ্যাস টেনে নেওয়ায় আবাসিক এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গ্রাহকদের দাবি, আবাসিক লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্যাস বিল মওকুফ করতে হবে। পাশাপাশি ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য আবাসিক সংযোগে প্রিপেইড গ্যাস মিটার স্থাপনেরও দাবি জানান তারা।

অবরোধে অংশ নেওয়া কালামপুর এলাকার গৃহবধূ শাহানা আক্তার বলেন, “আমার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে, স্বামী চাকরি করেন। সকালে ঠিকমতো রান্না করতে পারিনি, খেতেও পারিনি। আমাদের একটাই দাবি—বাসায় পর্যাপ্ত গ্যাস দিতে হবে। আর যত দিন গ্যাস পাইনি, তত দিনের বিল মওকুফ করতে হবে।”

অন্যদিকে, মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া যাত্রী শাহীনুর ইসলাম বলেন, “ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।”

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

Link copied!