ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনার পর দ্বিতীয় দিনেও অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ঢুলিভিটা এলাকায় পরিচালিত অভিযানে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. নুর আলম সিদ্দিকী। অভিযানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
প্রশাসন সূত্রে জানা যায়, ঢুলিভিটা থেকে কেলিয়া এলাকার স্নোটেক্স গার্মেন্টসসংলগ্ন এলাকা পর্যন্ত মহাসড়কের পাশে গড়ে ওঠা হকারদের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচলের কারণে সেখানে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। অবৈধ ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিং, নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হলেও অনেকেই তা মানেননি। ফলে জনস্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং পুনরায় অবৈধ দখল ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আগের দিনের অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দোকানপাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। সড়ক বিভাগের জমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার এবং যানজট নিরসনের লক্ষ্যেই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি জানান, সড়ক বিভাগ তাদের নিজস্ব জমি চিহ্নিত করেছে এবং প্রশাসনের বিভিন্ন সংস্থা এ কাজে সমন্বিতভাবে সহযোগিতা করছে।
আপনার মতামত লিখুন :