দেশবিরোধী ষড়যন্ত্র’ রুখতে এ্যাবের বিক্ষোভ ও গণজমায়েত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৮:০৮ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা’ রুখতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ি সড়কে এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বর ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে এক গণজমায়েতে মিলিত হয়।গণজমায়েতে বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টার তীব্র নিন্দা জানান।

এ্যাবের আহ্বায়ক তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।

তিনি জাতীয়তাবাদী কৃষিবিদদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে এসব অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী সকল কর্মকাণ্ড মোকাবিলা করতে দেশের কৃষিবিদ সমাজ আজ ঐক্যবদ্ধ। এ্যাব সকল কৃষিবিদকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা রুখে দিয়ে প্রধানমন্ত্রীকে শক্তিশালী করতে কাজ করে যাবে। গণজমায়েতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এ্যাবের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর জামশেদ আলম রিপন, কৃষিবিদ নুরুন্নবী শ্যামল, কৃষিবিদ মাহবুবুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!