রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৪৭৯টি যানবাহন আটক এবং ৩৪৫টি যানবাহন অপসারণ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, পণ্যবাহী ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫১২টি মামলা হয়েছে মিরপুর এলাকায়। এর পরেই রয়েছে মতিঝিল এলাকায় ৪৬৩টি এবং উত্তরা এলাকায় ৪৬২টি মামলা।
এ ছাড়া রমনা এলাকায় ৯৭টি, লালবাগ এলাকায় ১৬৬টি, ওয়ারী এলাকায় ২১১টি, তেজগাঁও এলাকায় ১৬৯টি এবং গুলশান এলাকায় ২৪২টি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইন মানার প্রবণতা বাড়াতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাফিক বিভাগের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :