জিএমপির অভিযানে গোপন বৈঠক থেকে ৫ জনসহ ১২ জন গ্রেপ্তার, উদ্ধার ১০ লক্ষাধিক টাকা

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৫:৪৯ পিএম

ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় ৫ জনকে আটকসহ গাজীপুর মহানগর ও উত্তরা এলাকায় পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।  এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি আভিযানিক দল এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ঢাকা মহানগরের উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডের ক্যাফে দরবার রেস্টুরেন্টের নিচে অবস্থিত ‘ক্রাশ স্টেশন’ রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন বলে দাবি করে পুলিশ।

উত্তরার অভিযানে কামরুজ্জামান খান (৫১), তবিবুর রহমান তুহিন (৩৮), হুমায়ুন কবির খান (৪৮), আশরাফুল আলম ওরফে আশরাফ মৃধা (৫৭) ও সাদমান সাকিব খানকে (২৬) আটক করা হয়। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়।এছাড়া গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে উত্তরা ও গাজীপুর সিটি এলাকায় পরিচালিত অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অর্থ গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য বিলি-বণ্টনের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে  মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!