গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী শহরের মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১ হাজার ৭৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী। এ সময় মাদক বহনের অভিযোগে আব্দুল কাদের জিলানী প্রকাশ জনি (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ফেনী মডেল থানাধীন মহিপালস্থ কিং বোডিং আবাসিক হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নেয় ডিএনসি ফেনীর একটি রেডিং টিম। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব-১১-০২৮৯ নম্বরের চিতল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে থাকা আব্দুল কাদের জিলানী প্রকাশ জনির কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক আব্দুল কাদের জিলানী প্রকাশ জনি ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বিরিঞ্চি এলাকার মৃত মো. হানিফের ছেলে।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের বিরুদ্ধে মাদক বহন ও পাচারের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় ডিএনসি ফেনীর উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ডিএনসি ফেনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"
আপনার মতামত লিখুন :