ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদকের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত গাঁজা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ এবং পুশইন রোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :