ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ জুলাই রাতে ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির চৌকস অভিযানিক দল ফেনী সদর মডেল থানার পাঁচগাছিয়া বাজার রোডের বাথানিয়া এলাকায় আইরিন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালায়।
অভিযানকালে ৩০ বোতল বিদেশি মদ এবং ৬০টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার অভিযোগে কামরুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :