‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল কেন’, সংসদে প্রশ্ন জামায়াতের নারী এমপির

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০৯:৪৫ পিএম

বাজারে বিভিন্ন খাদ্যপণ্যে ভেজালের অভিযোগ থাকলেও মাদকের ক্ষেত্রে ভেজাল না থাকার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার। তিনি বলেন, খাদ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল না থাকা একটি আশ্চর্যের বিষয়।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংসদের বৈঠক স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়।

সাবিকুন্নাহার বলেন, বর্তমানে বাজারে বিশেষ করে ফলের মৌসুমে সাধারণ মানুষ বুঝতে পারেন না কোন ফল নিরাপদ এবং কোনটি ক্ষতিকর। কোন পণ্য ফরমালিনমুক্ত, আর কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা দেখি খাদ্যপণ্যে নানা ধরনের ভেজালের অভিযোগ রয়েছে। কিন্তু মাদকের মধ্যে ভেজাল নেই, অথচ খাদ্যে ভেজাল রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কী ধরনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান তিনি।

জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল রোধ করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। খাদ্যে ভেজালের কারণে মানুষ ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন।

তিনি জানান, ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে জবাবদিহিতা রয়েছে। একইভাবে খাদ্যে ভেজাল রোধেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব হবে।

Link copied!